আলফাডাঙ্গা উপজেলার মধুমতী নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার বানা এলাকার মধুমতী নদীতে পরিচালিত এ অভিযানে প্রায় ৩৭৫ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরপাড়ে জনসমক্ষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চায়না দুয়ারী জালের মাধ্যমে নির্বিচারে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী ধ্বংস হচ্ছে, যা নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য বড় হুমকি। এ কারণে পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, "মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু বলেন, "চায়না দুয়ারী জাল মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং এ ধরনের অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।"