প্রকাশিত : বুধবার , ৫ আগস্ট ২০২৬ , দুপুর ০২:৪৯।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ , ভোর ০৫:০৮

বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত


স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ এবং জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান, সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন এবং জুলাই আন্দোলনের যোদ্ধা মঈনুল ইসলাম তুর্য।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, আন্দোলনের তাৎপর্য, গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মত্যাগের ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই সংগ্রামের চেতনা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ সময় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই আন্দোলনের যোদ্ধারা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।