মোঃ ইমরান মোল্লা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিলপুটিয়া গ্রামে বিয়ের আয়োজনে ফিরেছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য পালকিতে বরযাত্রা। আধুনিকতার ছোঁয়ায় যখন পালকিতে বরযাত্রার প্রচলন প্রায় বিলুপ্ত, তখন পুরোনো ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে পালকিতে চড়ে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন বিলপুটিয়া গ্রামের সাব্বির ইসলাম।
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার, বিলপুটিয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে সাব্বির ইসলাম বিয়ের বরযাত্রায় আধুনিক যানবাহনের পরিবর্তে পালকিকে বেছে নিয়েছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। অনেকেই পালকিতে বরযাত্রার দৃশ্য দেখতে ভিড় করেন এবং পুরোনো দিনের স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, সাব্বির ইসলামের বাবা মোঃ রবিউল ইসলাম বর্তমানে পার্শ্ববর্তী জয়দেবপুর গ্রামে বসবাস করছেন। তবে ছেলের বিয়ের আয়োজনে বিলপুটিয়া গ্রামের শেকড় ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ততা ধরে রাখতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, একসময় গ্রামবাংলার বিয়েতে পালকিতে বরযাত্রা ছিল একটি পরিচিত দৃশ্য। কালের বিবর্তনে সেই ঐতিহ্য হারিয়ে গেলেও সাব্বির ইসলামের পালকিতে বরযাত্রার মধ্য দিয়ে যেন আবারও ফিরে এলো সেই পুরোনো দিনের আবহ।
পুরোনো দিনের স্মৃতি জাগানো এই আয়োজনে পালকিতে চড়ে বিয়ের আসরে যাচ্ছেন বর। ব্যতিক্রমী এ বরযাত্রা দেখতে স্থানীয়দের মাঝে দেখা যায় ব্যাপক কৌতূহল ও আনন্দ।
ঐতিহ্যবাহী পালকিতে বরযাত্রার দৃশ্য যেন ফিরিয়ে আনল গ্রামবাংলার সেই সোনালি দিনের স্মৃতি।