প্রকাশিত : মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬ , রাত ০৯:৩৯।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬ , দুপুর ০১:৪২

বোয়ালমারীতে নামাজের সময় মোটরসাইকেল চুরি, উদ্ধারসহ আটক ২


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে এশার নামাজ আদায়ের সময় মসজিদের সামনে থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত আরেক যুবক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে আটক দুই যুবককে আদালতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর শিকদার বাড়ি জামে মসজিদের সামনে প্লাটিনা মডেলের একটি মোটরসাইকেল রেখে এশার নামাজ আদায় করতে যান যোগীবরাট মহিলা মাদরাসার পরিচালক নুরুল আমীন। নামাজ চলাকালে মোটরসাইকেলটির লক ভেঙে সেটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় মসজিদ এলাকায় তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁদের একজন হরিহরনগর গ্রামের ইমামুল শেখকে আটক করে পুলিশে দেওয়া হয়। ইমামুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মুরাইলেরচর গ্রামের নবের মোল্যার ছেলে সুমন মোল্যাকে (২৮) আটক করে। পরে তাঁর কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন মোল্যা ও ইমামুল শেখকে আটক করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, একই গ্রামের আকু মোল্যার ছেলে আরমান (২৪) এ ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নুরুল আমীন তাঁর এক বন্ধুর আমন্ত্রণে হরিহরনগর শিকদার বাড়ি জামে মসজিদে এশার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বোয়ালমারী স্টিলপট্টি এলাকায় একটি ওয়াজ মাহফিলে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। এর মধ্যেই মসজিদের সামনে থেকে তাঁর মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।

ভুক্তভোগী নুরুল আমীন বলেন, বন্ধুর মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়েছিলাম। নামাজরত অবস্থায় আমার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। এতে আমি স্বস্তি পেয়েছি।

বোয়ালমারী থানার পরির্শক ওসি তদন্ত  সাইদুর রহমান বলেন, একজন হুজুরের মোটরসাইকেল নামাজ আদায়ের সময় চুরি হয়। ঘটনার সূত্র ধরে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।