নিজেস্ব প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ, কেক কাটা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে সকালে যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনা ও সড়কের পাশে বৃক্ষরোপণ করেন।
পৌর যুবদলের সভাপতি মো. আমিনুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহিন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি রবিউল ইসলাম সম্রাট, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর ইকবাল পিন্টু ঠাকুর এবং উপজেলা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম চাঁন, মো. জাহিদ হোসেন ও মুজাহিদ ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে সুসংগঠিত করে দেশ গড়ার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখে আসছে।
এ সময় যুবদলের নেতাকর্মীরা সংগঠনের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।