প্রকাশিত : শনিবার , ৩১ অক্টোবর ২০২৬ , সন্ধ্যা ০৬:৫৫।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ , সন্ধ্যা ০৬:০৭

বোয়ালমারীতে এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষে মহিলা কলেজ, তলানিতে সরকারি কলেজ


স্টাফ রিপোর্টার: ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কলেজগুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ। অন্যদিকে সর্বনিম্ন পাসের হার নিয়ে তালিকার তলানিতে রয়েছে বোয়ালমারী সরকারি কলেজ। চারটি কলেজের ফলাফল বিশ্লেষণে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে পাসের হারে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে পাসের হার ৭১ দশমিক ২৮ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। মোট ২৮৯ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নিয়ে ২০৬ জন কৃতকার্য হয়েছে। ম্যানেজমেন্ট বিভাগে ১৩ জনের মধ্যে ৯ জন পাস করেছে। মানবিক বিভাগে ২৫৪ জনের মধ্যে ১৮১ জন এবং বিজ্ঞান বিভাগে ২২ জনের মধ্যে ১৬ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পাওয়া ৬ জনের মধ্যে ম্যানেজমেন্ট বিভাগে ১ জন ও মানবিক বিভাগে ৫ জন রয়েছে।

উপজেলার দ্বিতীয় অবস্থানে রয়েছে কাদিরদী কলেজ। এ কলেজে ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮৪ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২০৯ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৪৩ দশমিক ১৮ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন। ম্যানেজমেন্ট বিভাগে ২৫ জনের মধ্যে ১৭ জন, মানবিক বিভাগে ৪২৫ জনের মধ্যে ১৭৬ জন এবং বিজ্ঞান বিভাগে ৩৮ জনের মধ্যে ১৬ জন কৃতকার্য হয়েছে। মানবিক বিভাগে অকৃতকার্য হয়েছে ২৪৯ জন এবং বিজ্ঞান বিভাগে ২২ জন।

খরসূতি সরকারি কলেজে ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৮ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩৬ জন পাস করেছে। পাসের হার ২৮ দশমিক ১২ শতাংশ। এ কলেজ থেকে কেউ জিপিএ-৫ পায়নি। ম্যানেজমেন্ট বিভাগে ৭ জনের মধ্যে ২ জন, মানবিক বিভাগে ১০১ জনের মধ্যে ১৯ জন এবং বিজ্ঞান বিভাগে ২২ জনের মধ্যে ১৫ জন কৃতকার্য হয়েছে। বিজ্ঞান বিভাগে তুলনামূলক ভালো ফলাফল করলেও মানবিক বিভাগে পাসের হার বেশ কম।

অন্যদিকে বোয়ালমারী সরকারি কলেজে পাসের হার সবচেয়ে কম। এ কলেজে ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫২ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২৯ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ১৯ দশমিক ০৮ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন। ম্যানেজমেন্ট বিভাগে ১৫ জনের মধ্যে ৫ জন, মানবিক বিভাগে ১৪১ জনের মধ্যে ২৪ জন কৃতকার্য হয়েছে। মানবিক বিভাগ থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগে অংশ নেওয়া ৩ জনের কেউই পাস করতে পারেনি।

সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হারে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ প্রথম, কাদিরদী কলেজ দ্বিতীয়, খরসূতি সরকারি কলেজ তৃতীয় এবং বোয়ালমারী সরকারি কলেজ সর্বশেষ অবস্থানে রয়েছে। বিভাগভিত্তিক ফলাফলে অবশ্য ভিন্ন চিত্র দেখা গেছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ এবং মানবিক বিভাগে কাদিরদী কলেজের ফলাফল তুলনামূলক ভালো।