বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আগমনী ট্রান্সপোর্টের পাঠানো গার্মেন্টস মালামাল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে ট্রাকচালক শান্ত ও তার হেলপার। চালকের পুরো নাম শান্ত, যশোর জেলার আরোপপুর গ্রামের সুন্নত আলীর ছেলে। তার সঙ্গে থাকা হেলপারও একই জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে মালবোঝাই করে বোয়ালমারীর উদ্দেশ্যে রওনা হয় ট্রাকটি। দীর্ঘদিন ধরে একই গাড়িতে মাল কমে যাওয়ার অভিযোগের কারণে আগমনী ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ সন্দেহভাজন ওই ট্রাকের পেছনে মোটরসাইকেলে একটি নজরদারি টিম নিযুক্ত করে।
নজরদারি দল দেখে, পথিমধ্যে চালক ও হেলপার বস্তা খুলে নতুন থ্রি-পিস, গরম কাপড়সহ বিভিন্ন গার্মেন্টস সামগ্রী বের করছে এবং ক্যাবিনে লুকিয়ে রাখছে।
পরে ট্রাকটি বোয়ালমারী শাখায় পৌঁছালে ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ তাদের আটক করে। চালকের সিটের ভেতর থেকে উদ্ধার করা হয় চুরি করা পোশাকের বেশকিছু পিস।
আগমনী ট্রান্সপোর্টের বোয়ালমারী শাখার ম্যানেজার স্বপন সাহা বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের মাল চুরি হচ্ছিল। এজন্য আমরা নজরদারিতে একটি টিম লাগাই। আজ অবশেষে হাতেনাতে ধরতে পেরেছি। ট্রাকটি আমাদের ভাড়া করা। ট্রাক মালিক ও চালকের পরিবারকে জানিয়েছি। তারা এসে ক্ষতিপূরণ দিলে বিষয়টি সমাধান হবে, নতুবা তাদের পুলিশে হস্তান্তর করা হবে।”
বর্তমানে চালক শান্ত ও তার হেলপারকে আগমনী ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ হেফাজতে রেখে বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।