প্রকাশিত : শুক্রবার , ৩০ জানুয়ারী ২০২৬ , রাত ১১:২৯।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ০৭:০৮

সালথায় পেটে চাকু ঢুকিয়ে যুবকের আত্মহত্যা


স্টাফ রিপোর্টার: ফরিদপুরের সালথায় জনসম্মুখে নিজের পেটে চাকু ঢুকিয়ে জুবায়ের ব্যাপারী অরফে জুবা (৩০) নামেক এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত যুবা স্থানীয় আক্কাস ব্যাপারীর পুত্র। এই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

‎স্থানীয়রা জানান, জুবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি কথা বলতে পারতেন না এবং মৃগীসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। মাঝে মাঝে নিজের শরীরে নিজেই আঘাত করার প্রবণতাও ছিল।

চা-নাস্তার দোকানদার মুরাদ মোল্যা জানান, তিনি দোকানের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জুবা দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি চাকু নিয়ে নিজের পেটে আঘাত করেন। প্রাথমিকভাবে গুরুতর রক্তক্ষরণ দেখা না গেলেও পরে বাবা তাকে বাড়িতে নিয়ে গেলে মৃত্যু হয়।

‎সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, নিহত ঐ ব্যক্তি ভারসাম্যহীন ছিল এবং দীর্ঘদিন অসুস্থ ছিল। আজ সকালে সে চাকু দিয়ে নিজের পেটে আঘাত করে এবং মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে।