এস এম রুবেল : বরিশালে মহাসমাবেশ শেষ করে আকাশপথে ফরিদপুরে এসে বিশাল জনসমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুরে ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এই গণসমাবেশে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে এবং পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণ করা হবে।
তারেক রহমান বলেন, পদ্মায় ব্যারেজ নির্মিত হলে ফরিদপুরসহ আশপাশের কৃষিপ্রধান অঞ্চলে সেচ ব্যবস্থার উন্নয়ন হবে, কৃষকের উৎপাদন বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। পাশাপাশি ফরিদপুর শহর থেকেই বিভাগীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।
সমাবেশে নির্বাচনের বিষয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“ফজরের নামাজ আদায় করে সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। নিজের ভোট নিজেই দেবেন। ভোট শেষে গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের পাশেই অবস্থান করবেন। নিজের ভোটের অধিকার নিজেই রক্ষা করতে হবে।”
তিনি আরও বলেন, “মুখোশধারী ধর্মব্যবসায়ীদের থেকে সতর্ক থাকতে হবে। তারা মিষ্টি কথার আড়ালে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। এখনই সময়—আপনার দেশকে আপনিই বাঁচান।”
নারীদের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের সুশিক্ষায় শিক্ষিত করা হবে এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে তাদের অগ্রাধিকার নিশ্চিত করা হবে।
সমাবেশে বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। রাজেন্দ্র কলেজ মাঠ দলীয় পতাকা, ধানের শীষের প্রতীক, প্ল্যাকার্ড ও ব্যানারে ভরে ওঠে। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মাঠ প্রকম্পিত করে তোলে।