প্রিন্ট ভিউ
মোঃ ইমরান মোল্লা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইচর গ্রামের খানবাড়িতে প্রবাসী চুন্নু খানের বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ প্রায় ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আনুমানিক ৫/৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির প্রধান ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জিম্মি করে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ প্রায় ৩ লাখ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী চুন্নু খানের ছেলে আকাশ খান বলেন, আমার বাবা প্রবাসে থাকেন। আমরা প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। রাত আনুমানিক ২টার দিকে ডাকাতরা গেটের তালা কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর তারা আমাদের ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং কিছুই করতে পারিনি।
ডাকাতদের চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় রাতের নিরাপত্তা জোরদার এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।