প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী ইয়াসমিন আক্তার । তার অভিযোগ, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হলেও এখন তাকে অস্বীকার করছেন অভিযুক্ত প্রেমিক শামীম। তবে শামীম বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার ত্রিমোহনী বাজারের এক মনোহারি দোকানদার শামীমের সঙ্গে প্রায় তিন বছর ধরে ইয়াসমিনের প্রেমের সম্পর্ক ছিল। ইয়াসমিনের দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শামীম তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে তার দাম্পত্য জীবনে ভাঙন ধরে এবং স্বামী তাকে তালাক দেন। এরপর বাবার বাড়িতেও আশ্রয় না পেয়ে তিনি বাধ্য হয়ে শামীমের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন।
অভিযোগ রয়েছে, ইয়াসমিন বাড়িতে অবস্থান নেবেন—এমন খবর পেয়ে শামীম ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে ইয়াসমিন বাড়ির সামনে অবস্থান করে বিয়ের দাবি জানিয়ে আসছেন।
ইয়াসমিন বলেন, “আমার একটি সুখের সংসার ছিল। শামীম আমাকে নানা আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এখন সে আমাকে অস্বীকার করছে। আমি এর সুষ্ঠু বিচার ও আমার অধিকার চাই।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শামীম ও ইয়াসমিনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি এলাকায় অনেকেই জানতেন। তারা আলোচনার মাধ্যমে বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধান করার চেষ্টা করবেন বলেও জানান।
এ বিষয়ে অভিযুক্ত শামীমের বক্তব্য জানতে তার বাড়িতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনাটি জানাজানি হওয়ার পর তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে সেখান থেকে চলে যান। ফলে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সচেতন মহলের অভিমত, বিবাহবহির্ভূত সম্পর্ক ও পারিবারিক অবিশ্বাসের কারণে অনেক পরিবার ভেঙে যাচ্ছে। এমন ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ এবং আইনগত ও সামাজিকভাবে সুষ্ঠু সমাধান নিশ্চিত করা প্রয়োজন।