প্রিন্ট ভিউ
বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মাতুব্বরের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের বাড়িছাড়া করা, হত্যা মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি, ফসলি জমিতে যেতে বাধা ও হামলা-ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার পরমেশ্বরদী গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান সজীব।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মাতুব্বর এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। তিনি দাবি করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মান্নান মাতুব্বরের অনুসারীরা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি, বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টা এবং ফসলি জমিতে যেতে বাধা দিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জয়পাশা গ্রামের নাজিম হত্যা মামলার বাদী ও সাক্ষীদের মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। হামলা, লুটপাট, গবাদিপশু লুট, মাছের ঘের থেকে মাছ লুট ও বিষ প্রয়োগে মাছ নিধনেরও অভিযোগ করা হয়। বক্তাদের দাবি, এসব ঘটনায় প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার কয়েক মাস ধরে বাড়িছাড়া রয়েছে এবং ৬০ থেকে ৭০ বিঘা জমির পাট কাটতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এ বিষয়ে থানায় একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে আক্কাস মোল্যা, আকমল শেখ, আকুব্বর মাতুব্বর ও সৈয়দ মেহেদী হাসানসহ কয়েকজন বিএনপি নেতা তাদের বিরুদ্ধে চলমান হয়রানির অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মাতুব্বর বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দিয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ও নৈতিকতায় অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।