প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ঐতিহ্যবাহী ময়না আনন্দ চন্দ্র বসু (এসিবোস) ইন্সটিটিউশনের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন মো. ইমরান হোসেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক অফিস আদেশে বিদ্যালয়টির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। বোর্ডের অনুমোদন অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন রোকসানা, অভিভাবক সদস্য মো. মনজু শেখ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অফিস আদেশে বলা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী গঠিত এডহক কমিটিকে নিয়মিত দায়িত্ব পালনের শর্তে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, নতুন এডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়ায় প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে।
এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি মো. ইমরান হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক পরিবেশ সুন্দর রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করার চেষ্টা করবেন।