• ঢাকা
  • মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ , রাত ১০:৫৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ অনুষ্ঠিত

রিপোর্টার : বোয়ালমারী প্রতিনিধি
বোয়ালমারীতে বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি : গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে ধরে রাখতে ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা ও গুনবহা গ্রামকে সংযুক্তকারী সেতু সংলগ্ন বারাশিয়া নদীতে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভেলা ও চাড়ি বাইচকে ঘিরে বারাশিয়া নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষ প্রতিযোগিতা দেখতে নদীর তীরে জড়ো হন। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে নদীর দুই পাড় যেন পরিণত হয় মিলনমেলায়।

প্রতিযোগিতাকে কেন্দ্র করে নদীর তীরে বসে নানা ধরনের খাবার ও শিশুদের খেলনার দোকান। ফলে বাইচের পাশাপাশি পুরো এলাকায় তৈরি হয় গ্রামীণ মেলার আবহ। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা।

ভেলা ও চাড়ি বাইচের পাশাপাশি আয়োজনে ছিল হাঁস ধরা, কলাগাছ বেয়ে ওঠা ও নারীদের চেয়ার সিটিং প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। একের পর এক প্রতিযোগিতায় দর্শকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এসময় তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলাধুলা ও আয়োজন আমাদের লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা এসব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ হবে, অন্যদিকে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শহীদউদ্দিন মিয়া দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক মহসিন আলম চানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, গ্রামীণ খেলাধুলা ও লোকজ ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানো এবং হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলোকে ধরে রাখার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন