প্রিন্ট ভিউ
সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনাটি ঘটার পর মাত্র ২৪ ঘণ্টা না পেরোতেই পুলিশের দ্রুত অভিযানে একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রাজন মোল্লা (৩০)। তিনি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মো. আলাউদ্দিন মোল্লার ছেলে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সালথা থানার পরিদর্শক (তদন্ত) কে. এম. মারুফ হাসান রাসেল জানান, হত্যার ঘটনার পর শুক্রবার রাতেই নিহত উৎপল সরকারের পরিবার থানায় মামলা দায়ের করে। মামলার পরপরই পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং রাতের মধ্যেই রাজন মোল্লাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তার হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত ব্যাটারিচালিত অটো উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এই দ্রুত গ্রেপ্তার নিয়ে এলাকায় স্বস্তি ফিরেছে। উৎপল সরকারের পরিবার ও এলাকাবাসী দ্রুত তদন্ত শেষ করে সকল আসামীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।