প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারীতে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় ৭ মাস বয়সী শিশু ইলমার করুণ মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চালিনগর গ্রামে নানাবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চালিনগর গ্রামের বাসিন্দা আবু বক্কারের বাড়িতে মা সনিয়া বেগম তাঁর শিশু কন্যা ইলমাকে নিয়ে বেড়াতে আসেন। ঘটনার সময় সনিয়া বেগম ঘাটের উপর মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে শিশুটি ঘাটের ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে যায়। পরে ঘাট ও টিনের মাঝখানে গলায় আটকে ঝুলে পড়ে তার শ্বাসনালী বন্ধ হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মা সনিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়েকে ঘুম পাড়িয়ে কাজ করছিলাম। কাজ শেষে এসে দেখি ঘাটে নেই। খুঁজতে গিয়ে দেখি ঘাট আর টিনের ফাঁকে ঝুলে আছে… আমার ভুলের জন্য আজ আমি আমার সন্তানকে হারালাম।
নিহতের বাবা ইমাম মোল্যা জানান, স্ত্রী মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। পরে ফোনে মেয়ের মৃত্যুর খবর শুনে তিনি শোকে ভেঙে পড়েন।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘাটের বাঁশের মাচা থেকে পড়ে শিশুটি টিনের সঙ্গে আটকে যায় এবং শ্বাসরোধ হয়ে মারা যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা ঘটলেও এটি সকলের জন্য একটি সতর্কবার্তা—বিশেষ করে শিশুদের নিরাপত্তায় আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।