প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার: ফরিদপুরের মধুখালী উপজেলায় নিজের ও পরিবারের বিরুদ্ধে প্রচারিত ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরজ্জামান মোল্লা।
লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তাকে ও তার পরিবারকে জড়িয়ে একটি ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি দাবি করেন, তার বা তার পরিবারের কেউ অন্যের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেননি।
তিনি আরও বলেন, তাদের নিজস্ব জমির ওপরই তারা বসবাস ও বিভিন্ন নির্মাণকাজ করেছেন। সংশ্লিষ্ট জমির সকল বৈধ কাগজপত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে এবং তা মধুখলী সহকারী কমিশনার (ভূমি) বরাবর উপস্থাপন করা হয়েছে।
অভিযোগকারী পক্ষের বক্তব্যকে তিনি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বলেন, এসব অপপ্রচারের ফলে তার ও তার পরিবারের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তিনি গণমাধ্যমে প্রকাশিত ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানান এবং প্রকৃত ঘটনা সঠিকভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।