প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার : মানুষের পরিচয় হারিয়ে গেলেও তার মর্যাদা হারায় না-এই মানবিক বার্তাই যেন আবারও তুলে ধরলেন বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি বেওয়ারিশ মৃতদেহ সকাল থেকে পড়ে ছিল। মৃত ব্যক্তির কোনো পরিচয় না থাকায় বিপাকে পড়ে থানা পুলিশ।
খবরটি ছড়িয়ে পড়লে দায়িত্ববোধ ও মানবিকতার জায়গা থেকে এগিয়ে আসেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন। কোনো স্বার্থ বা পরিচয়ের অপেক্ষা না করে তিনি নিজ উদ্যোগে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহের গোসল, কাফন ও দাফনের দায়িত্ব নেন।
তিনি কবর খোঁড়ার ব্যবস্থা থেকে শুরু করে দাফনের সব ধরনের প্রস্তুতি নিজ হাতে তদারকি করেন। এমনকি শেষ বিদায়ের মুহূর্তে বেওয়ারিশ মরদেহের খাটিয়া নিজের কাঁধে তুলে ছোলনা গোরস্থান পর্যন্ত নিয়ে যান।
একজন অচেনা মানুষের শেষ যাত্রায় পাশে দাঁড়িয়ে ইমরান হোসাইন যেন প্রমাণ করলেন মানবতা এখনো বেঁচে আছে। তার এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসা ও আবেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলেন, জীবনের শেষ মুহূর্তে মানুষটির পরিচয় ছিল না, স্বজন ছিল না-কিন্তু একজন মানুষ হিসেবে তার শেষ সম্মান নিশ্চিত করেছেন ইমরান হোসাইন।