• ঢাকা
  • রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬ , বিকাল ০৫:১০
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে বিশ্বকর্মা পূজায় সুবাস সাহার বাড়িতে ভক্তদের উপচে পড়া ভিড়

রিপোর্টার : শারমিন আক্তার
বোয়ালমারীতে বিশ্বকর্মা পূজায় সুবাস সাহার বাড়িতে ভক্তদের উপচে পড়া ভিড় প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের কারিগরি ও স্থাপত্যের দেবতা দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী সুবাস সাহার গ্রামের বাড়ি সাতৈর বড়নগরেও আয়োজন করা হয় বিশ্বকর্মা পূজার। সকাল থেকে দিনভর সেখানে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়।

শুক্রবার সকালে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এ উপলক্ষে সুবাস সাহার বাড়ির পারিবারিক পূজা মণ্ডপে করা হয় দৃষ্টিনন্দন আলোকসজ্জা। আয়োজন করা হয় আরতি ও বিশেষ প্রার্থনার। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা পূজামণ্ডপে অংশ নেন এবং দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ কামনা করেন।

এদিকে বোয়ালমারী উপজেলার বিভিন্ন কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, গ্যারেজ, কামার-কুমার পাড়া ও স্বর্ণশিল্পীদের প্রতিষ্ঠানেও প্রতিবছরের মতো এবার বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে কর্মজীবী মানুষ তাদের কর্মস্থলের যন্ত্রপাতি, যানবাহন, লোহালক্কড়সহ বিভিন্ন সরঞ্জাম পরিষ্কার-পরিচ্ছন্ন করে পূজার জন্য প্রস্তুত করেন। পরে এসব যন্ত্রপাতি ও সরঞ্জামের পূজা-অর্চনা করে বিশেষ প্রার্থনা করেন তারা।

সুবাস সাহার বাড়ির পূজা আয়োজনে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভক্তদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন। অতিথিদের জন্য ছিল আপ্যায়নের ব্যবস্থা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “বিশ্বকর্মা পূজা মূলত কর্মজীবী মানুষের পূজা। সুবাস সাহাসহ যারা যে নিয়তে এই পূজা উদযাপন করছেন, সবার মনের আশা পূরণ হোক।

পূজা আয়োজক সুবাস সাহা বলেন, বিশ্ববাসীর শান্তি ও ব্যবসায়ীদের উন্নতি কামনায় প্রতিবছর বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। বিশ্বকর্মা যেন এই পৃথিবীকে সুখী ও সমৃদ্ধ করে দেন—এটাই আমাদের প্রার্থনা। সকাল থেকে দিনভর বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে পূজা উপভোগ করছেন এবং নিজেদের মনের বাসনা পূরণের জন্য প্রার্থনা করছেন।

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, বিশ্বকর্মা পূজা মূলত ব্যবসায়ী, কারিগর ও বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত কর্মজীবী মানুষের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন। প্রতিবছরই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ পূজা অনুষ্ঠিত হয়।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন