• ঢাকা
  • শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬ , রাত ০২:৫৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীর তেলজুড়ী দেড়শ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা রাজনৈতিক বিরোধে বন্ধ

রিপোর্টার : শারমিন আক্তার
বোয়ালমারীর তেলজুড়ী দেড়শ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা রাজনৈতিক বিরোধে বন্ধ প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারীতে দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা এ বছর বন্ধ হয়ে গেছে। প্রতি বছর ২৬ সেপ্টেম্বর উপজেলার তেলজুড়ী গ্রমে কুমার নদকে ঘিরে এ আয়োজন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক বিরোধ ও স্থানীয়ভাবে উত্তেজনাকর পরিস্থিতির কারণে এবার মেলা ও নৌকা বাইচ হচ্ছে না।

দীর্ঘদিনের এ ঐতিহ্যবাহী আয়োজন বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে মেলা ঘিরে যেসব ব্যবসায়ী দোকানপাট বসানোর প্রস্তুতি নিয়েছিলেন, তাদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ। অনেকে ইতোমধ্যে পণ্য ও দোকানের সরঞ্জাম প্রস্তুত করলেও মেলা বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর এ মেলাকে কেন্দ্র করে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আত্মীয়স্বজনরা বেড়াতে আসেন। মেলা ও নৌকা বাইচ হয়ে ওঠে গ্রামবাসীর মিলনমেলার উপলক্ষ। কুমার নদে নৌকা বাইচ শুরু হলে নদীর দুই পাড়ে মানুষের ঢল নামে। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ ও প্রবীণ—সব বয়সী মানুষ নৌকা বাইচ উপভোগ করতে নদীর পাড়ে ভিড় করেন।

এক স্থানীয় বাসিন্দা বশার শেখ বলেন, এটি শুধু একটি মেলা বা নৌকা বাইচ নয়, আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। বছরের এই সময়টির জন্য মানুষ অপেক্ষা করে। মেলা বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মানুষ খুবই হতাশ।

মেলা ঘিরে ব্যবসায়ীরাও এবার বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। একজন ব্যবসায়ী বলেন, মেলা হবে ধরে নিয়ে দোকানের মালামাল ও অন্যান্য প্রস্তুতি নিয়েছিলাম। এখন মেলা বন্ধ হওয়ায় আমাদের বিনিয়োগ করা টাকা নিয়ে চিন্তায় আছি। এ ধরনের মেলা বন্ধ হলে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক বিরোধ বা যেকোনো ধরনের উত্তেজনার কারণে যেন এলাকার দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য হারিয়ে না যায়। ভবিষ্যতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে আবারও ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হোক।

দেড়শ বছরের এই আয়োজন ঘিরে যে আনন্দ, আত্মীয়তার বন্ধন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হয়, তা বন্ধ হয়ে যাওয়ায় এবার কুমার নদীপাড়ে নেই সেই চিরচেনা উৎসবের আমেজ।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন