প্রিন্ট ভিউ
এস এম রুবেল : বিশ্বজুড়ে যখন ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের উত্তেজনা, ঠিক সেই আবহে ফরিদপুরের বোয়ালমারীতে শুরু হলো ফুটবল উৎসব। তরুণ সমাজকে মাদক, ধূমপান ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে মিনি বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
শুক্রবার (১২ জুন) বিকেলে বোয়ালমারী পৌরসভার ঐতিহ্যবাহী স্টেডিয়াম মাঠ হিসেবে পরিচিত জর্জ একাডেমী মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডা. ইলিয়াস মোল্লা, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান রকী। এ সময় পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। খেলোয়াড়, দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে জর্জ একাডেমী মাঠ। আয়োজকরা জানান, শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, এই আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়াই মূল লক্ষ্য। টুর্নামেন্টের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে-'ধূমপানমুক্ত সমাজ গড়ি, সুস্থ প্রজন্ম তৈরি করি।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান রকী বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম। আমরা চাই বোয়ালমারীর প্রতিটি তরুণ মাঠে আসুক, খেলাধুলায় যুক্ত হোক এবং একটি সুন্দর সমাজ গড়ে উঠুক। তিনি বলেন,১৮ বছরের নিচে কেউ ধূমপান করলে কিংবা খোলা জায়গায় ধূমপান করলে তা প্রতিহত করতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো দোকানদার ১৮ বছরের নিচে কারও কাছে সিগারেট বা বিড়ি বিক্রি করলে জরিমানা করা হবে, প্রয়োজনে দোকান সিলগালা করা হবে। তিনি আরও বলেন, ধূমপান ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন, পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারি হাফেজ সৈয়দ সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়েজিদ খান রাব্বিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজক সূত্রে জানা গেছে, ফিফা বিশ্বকাপের আদলে সাজানো এবারের মিনি বিশ্বকাপে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৪৮টি দল অংশগ্রহণ করছে। আগামী শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ।
দীর্ঘদিন পর এমন বড় আয়োজন ঘিরে বোয়ালমারীর ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, এই আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি হবে এবং যুবসমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফির পাশাপাশি নগদ ১ লাখ টাকা পুরস্কার। রানার্সআপ দলকে দেওয়া হবে ট্রফি ও ৫০ হাজার টাকা।