প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সংবাদ প্রকাশের পর অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের পুকুরে কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেজার মেশিনটির মালিক আউয়াল ও আল আমিন। তবে অভিযান চলাকালে তাদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ। তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারার আওতায় এ অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় অবৈধভাবে ব্যবহৃত ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।