প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ভুট্টা ক্ষেত নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (০১ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা মো. আছাদ চৌধুরীর প্রায় ৩৩ শতাংশ জমিতে লাগানো ভুট্টা ক্ষেত থেকে একদল লোক জোরপূর্বক ভুট্টা ছিঁড়ে নিয়ে যায়। এতে ব্যাপক আকারে ক্ষতি হয়েছে কৃষক পরিবারের।
লিখিত অভিযোগে আছাদ চৌধুরী উল্লেখ করেন, প্রতিবেশী মো. জাহিদুল ইসলামের সঙ্গে চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসার লোকজনের পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। বিরোধে জের ধরে মারামারি ভঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী জাহিদ চেয়ারম্যানদের লোকজনের বিরুদ্ধে মামলা করে। এ মামলায় সাক্ষী থাকার কারণে সেই বিরোধের জের ধরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তার জমিতে প্রবেশ করে ফসল নষ্ট করে। ঘটনার সময় তারা দলবদ্ধভাবে এসে ভুট্টা ছিঁড়ে নেয় এবং বাধা দিতে গেলে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী আরও জানান, এর আগে একটি মামলায় সাক্ষী হওয়াকে কেন্দ্র করেও তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিষয়টি অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবগত।
ভুক্তভোগী আছাদ চৌধুরী ইতোমধ্যে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে অভিযুক্তরা এ বিষয়ে কিছু জানেননা বলে জানান। তারা বলেন, আমাদের অহেতুক হয়রানি করতে এ মিথ্যা অভিযোগ দায়ের করেছে প্রতিপক্ষ লোকজন।
থানার সহ উপপরিদর্শক মো. নাছির জানান, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে গিয়েছি। অধিকতর তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।